Friday, September 18

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসপিয়া আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরাজী হাসপাতালের সামনে রমজান পরিবহনের একটি বাস ও অপর একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রমজান পরিবহনের বাসসহ দুটি বাস জব্দ করেছে পুলিশ। পাশাপাশি দুই বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

নিহতের ভাই এনাম আহমেদ জানান, তার বোন কোনো কাজে বের হয়েছিলেন। সন্ধ্যায় তিনি খবর পান, বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গেলে দুই বাসের চাপায় তার বোন গুরুতর দুর্ঘটনার শিকার হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাসপিয়া আহমেদ তিসার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসরপাড়ায়। তার বাবার নাম শফিউদ্দিন আহমেদ। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় নিজ বাড়িতে বসবাস করতেন।

Leave A Reply


Math Captcha
+ 3 = 13