Friday, September 18

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে দুটি এবং কিছুক্ষণ পর টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাবি ছাত্রশক্তির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমানুল বলেন, তিনি কোয়ার্টারের দিকে ছিলেন। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জগন্নাথ হলের পাশের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তথ্য যাচাই-বাছাই চলছে।

এদিকে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ওই বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্ট এলাকায় স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হয়।

Leave A Reply


Math Captcha
45 + = 49