ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে এবার সেখানে গোলাম আজমকে জুতাপেটার একটি ছবি টাঙিয়েছেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী সংগ্রহশালায় গিয়ে ছবিটি টাঙান।
পরে সংগ্রহশালায় গিয়ে দেখা যায়, যে স্থানে এর আগে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন করা হয়েছিল, ঠিক তার ওপরেই ১৯৮১ সালে বায়তুল মোকাররম এলাকায় গোলাম আজমকে জুতাপেটা করার একটি ছবি লাগানো হয়েছে।
এর আগে রোববার ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত ঐতিহাসিক সংগ্রহশালার সংস্কারকাজ শেষে এটি পুনরায় উদ্বোধন করা হয়। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সংগ্রহশালাটি উদ্বোধন করেন। এ সময় ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ উপস্থিত ছিলেন।
সংস্কার শেষে সংগ্রহশালায় ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বক্তব্য দেওয়ার সময়কার মুহাম্মদ আলী জিন্নাহর একটি একক ছবি প্রদর্শন করা হয়।
এ ছাড়া ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের একটি দলীয় ছবি এবং ১৯৭০ সালের নির্বাচনসংক্রান্ত মুহাম্মদ আলী জিন্নাহর ছবি-সম্বলিত পাকিস্তানের ‘ডন’ পত্রিকার একটি সংবাদও সংগ্রহশালায় প্রদর্শন করা হয়েছে।
জিন্নাহর ছবি প্রদর্শনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিশ্ববিদ্যালয় অঙ্গনে সমালোচনা শুরু হওয়ার পর ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা প্রতিবাদ হিসেবে গোলাম আজমকে জুতাপেটার ছবিটি টাঙালেন।
