Wednesday, November 4

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের বছিলা পুলিশ লাইনসে নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘কিশোর গ্যাং বলে কোনো শব্দ মোহাম্মদপুরে থাকবে না। এটা আমরা আজ র‍্যাব এবং ডিএমপি একসঙ্গে ঘোষণা করলাম।’ তবে এর অর্থ এই নয় যে, তাৎক্ষণিকভাবে কিশোর গ্যাংয়ের সবাইকে গ্রেপ্তার করা হবে। নাগরিকদের সহযোগিতায় প্রতিদিন কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং দ্রুত মোহাম্মদপুরকে কিশোর গ্যাংমুক্ত করা হবে বলে জানান তিনি।

মোহাম্মদপুরে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই নিয়ে নাগরিকরা বেশি উদ্বেগ জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, গত তিন মাসের অপরাধের পরিসংখ্যান আগের তিন মাসের সঙ্গে তুলনা করলে এসব ক্ষেত্রে উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে। তবে শুধু পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা ঠিক নয়। নাগরিকদের প্রত্যাশা, এলাকায় কোনো ছিনতাই, কিশোর গ্যাং কিংবা মাদক থাকবে না। পুলিশও সেই লক্ষ্যেই কাজ করছে।

মোহাম্মদপুরে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, এলাকার প্রতিটি মাদক স্পট ও কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযান আরও জোরদার করতে হবে।

তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও কার্যকরভাবে পরিচালনা করতে হবে।

মতবিনিময় সভায় র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ওসমান গনি, র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান, তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান, মোহাম্মদপুরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
35 + = 39