Wednesday, November 4

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-৩ নম্বর সড়কের কেএফসির গলিতে এ ঘটনা ঘটে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ১৫০ থেকে ২০০ জন সদস্য সেখানে জমায়েত হয়ে মিছিলের চেষ্টা করছিলেন। তাদের ছত্রভঙ্গ করতে নিকেতন এলাকায় দায়িত্বে থাকা পুলিশের এক উপপরিদর্শক দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

পুলিশের ভাষ্য, এ সময় মিছিলকারীরা পাঁচটি তাজা ককটেল ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মো. আরাফাত (২০) ও আ. রহিম (৪৯) নামে দুজনকে আটক করা হয়।

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
+ 55 = 56