রাজধানীর মিরপুরের দারুসসালামে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন আক্তার নামে এক গৃহবধূ। এ ঘটনায় তার স্বামী আব্দুল মান্নানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে দারুসসালাম থানাধীন মাতবর বাড়ি মসজিদ গলির আমিনুল ডাক্তারের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন জেসমিন। এ সময় খোলা জানালা দিয়ে বাইরে থেকে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তার ডান হাতে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের দাবি, জেসমিনকে বাইরে থেকে দুর্বৃত্তরা গুলি করেনি। বরং অন্যকে ফাঁসাতে তার স্বামী আব্দুল মান্নান নিজেই জানালার বাইরে থেকে স্ত্রীকে গুলি করেছেন। ওই সূত্র আরও দাবি করেছে, আব্দুল মান্নান মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় আব্দুল মান্নানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে গুলির ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

