রাজধানীর বাড্ডায় ফার্নিচারের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে আসার পর পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিটকে পথিমধ্যেই ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কেও প্রাথমিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

