রাজধানীর যানজট কমানো ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন মেট্রোরেল প্রকল্প নেওয়া হচ্ছে। ‘এমআরটি লাইন-২’ নামে প্রস্তাবিত এ প্রকল্পের দৈর্ঘ্য প্রায় ৩৫ কিলোমিটার এবং এতে থাকবে ২৪টি স্টেশন। পাতাল ও উড়াল—দুই ধরনের রুটের সমন্বয়ে নির্মিতব্য প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা। এর বড় অংশ বিশ্বব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকও (এআইআইবি) ঋণ দিতে সম্মত হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। বর্তমানে প্রকল্পের প্রাক-প্রকল্প উন্নয়ন প্রস্তাব (পিডিপিপি) পরিকল্পনা কমিশনে যাচাই-বাছাই চলছে। এরপর অর্থায়নের জন্য তা অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী, গাবতলী থেকে ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, জিগাতলা, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, লালবাগ, চকবাজার, মিটফোর্ড, নয়াবাজার, ধোলাইখাল, দয়াগঞ্জ, কাপ্তানবাজার ও ডেমরা হয়ে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত যাবে এ মেট্রোরেল। পাশাপাশি গুলিস্তান থেকে নয়াবাজার হয়ে সদরঘাট পর্যন্ত একটি শাখা লাইন নির্মাণের প্রস্তাব রয়েছে। অন্যান্য মেট্রোরেল লাইনের সঙ্গেও এর সংযোগ থাকবে। চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে কাজ শুরু করে ২০৩০ সালের মধ্যে এ রুটে মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে।
© 2026 Dhaka Report. Designed by Ashraful Sarkar.

