দুনিয়ায় আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন পবিত্র ঈদে আজম উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান বক্তব্য দেন আল্লামা ইমাম হায়াত। তিনি বলেন, প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেওয়া মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মানবতার রাজনীতি ছাড়া মিথ্যা, জুলুম ও স্বৈরদস্যুতা থেকে সত্য ও মানবতার মুক্তির কোনো পথ নেই।
সমাবেশে আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণাধিক প্রিয়নবীর দেওয়া সব ধর্ম, মত ও পথের সব মানুষের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা ও মর্যাদাভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ছাড়া অপশক্তির খুন, জুলুম, ধ্বংসযজ্ঞ, হিংস্রতা, পাশবতা ও স্বৈরদস্যুতা থেকে মানবতার মুক্তির আর কোনো পথ নেই।
তিনি বলেন, সব মানুষের কল্যাণ, ভালোবাসা ও প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি প্রতিষ্ঠিত না হলে মানবতাবিধ্বংসী একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতির ভয়ঙ্কর গ্রাসে মানবজীবন ধ্বংস হয়ে যাবে।
প্রাণাধিক প্রিয়নবী সমগ্র মানবমণ্ডলীর জন্য দয়াময় আল্লাহতাআলার আলো, বন্ধন, জ্ঞান ও মুক্তির উৎস উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণাধিক প্রিয়নবীর বন্ধন ও পথ ছাড়া মানবজীবন মিথ্যা, জুলুম, খুন, সন্ত্রাস ও স্বৈরদস্যুতার গ্রাসে ধ্বংস হয়ে যাবে।
বর্তমানে প্রাণাধিক প্রিয়নবীর দেওয়া সত্য ও মানবতার মুক্তির আসল ইসলাম প্রায় বিলুপ্ত দাবি করে তিনি বলেন, ইসলামের ছদ্মনামে বিভিন্ন উগ্রবাদী ও জঙ্গিবাদী মতাদর্শের প্রাদুর্ভাবে আসল ইসলাম বিপন্ন এবং মুসলিম মিল্লাত ধ্বংসাত্মক অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে।
ইসলামী রাষ্ট্র ও ইসলামী রাজনীতির নামে বর্তমানে যা চলছে, তা প্রাণাধিক প্রিয়নবীর দেওয়া আসল ইসলামের রাজনৈতিক দিকদর্শন নয় দাবি করে আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণাধিক প্রিয়নবীর দেওয়া রাষ্ট্রব্যবস্থা হলো সব মানুষের সমান মালিকানাভিত্তিক, একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক মানবতার রাষ্ট্র এবং অখণ্ড মানবতার মুক্ত দুনিয়া—খেলাফতে ইনসানিয়াত।
প্রাণাধিক প্রিয়নবীর দেওয়া আত্মিক ও রাজনৈতিক দিকদর্শন ব্যাখ্যা করে তিনি বলেন, সব মানুষের জীবনের আত্মমালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা এবং বিশ্বসম্পদে সব মানুষের মালিকানা ও বিশ্ব নাগরিকত্বের ভিত্তিতে ইসলামের নির্দেশিত রাজনীতিই সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক মানবতার রাজনীতি। ইসলাম ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার ধর্ম নয় এবং ইসলামে জোর-জবরদস্তি নিষিদ্ধ।
ইসলামের নামে রাষ্ট্র প্রতিষ্ঠার নামে প্রতারণা হচ্ছে উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের নামে একক ধর্মের রাষ্ট্র, ক্ষমতাসীন দল বা গোষ্ঠীর মতবাদ চাপিয়ে দিয়ে আসল ইসলাম ধ্বংস করা এবং রাষ্ট্র জবরদখলের মাধ্যমে মানুষের স্বাধীনতা হরণ করাই ইসলামের নামে রাষ্ট্র করার ষড়যন্ত্র।
তিনি বলেন, সব বস্তুবাদী জাতীয়তাবাদী বিভেদ, বৈষম্য, বিদ্বেষ ও শত্রুতা থেকে মানবতার মুক্তি এবং মিথ্যার বিনাশী গ্রাস থেকে মানবতাকে রক্ষা করে স্রষ্টার বন্ধনে আলোকিত রাখার জন্য প্রাণাধিক প্রিয়নবী মানুষকে স্রষ্টার নামে জীবনের সত্য উপলব্ধির পথ দেখিয়েছেন। প্রাণাধিক প্রিয়নবীর বন্ধনই আল্লাহতাআলার বন্ধন ও অস্তিত্বের সুরক্ষা।
প্রাণাধিক প্রিয়নবীকে পাওয়ার ঈদ স্বয়ং আল্লাহতাআলাকে পাওয়ার অসীম ঈদ এবং নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়ার ঈদ উল্লেখ করে তিনি বলেন, ঈদে আজম উদযাপন ঈমানী মৌলিক বিষয় ও ঈমানী অস্তিত্বের বিষয়। এটি মানবতার অস্তিত্বের প্রাণশক্তি। তাই ঈদে আজম উদযাপন নিছক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনের সত্য ও মানবতার মুক্তি সাধনার লক্ষ্যে পরিণত করতে হবে।
মিথ্যা, জুলুম ও স্বৈরতন্ত্রের ধারক হয়ে ঈদে আজম উদযাপনের কর্মসূচিকে অর্থহীন ও ধোঁকা আখ্যায়িত করে আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমনের লক্ষ্য আড়াল করে অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ থেকে কিংবা কোনো জালিম অপশক্তির স্বৈররাজনীতির সহযোগী হয়ে ঈদে আজমের গতানুগতিক অনুষ্ঠান পালন করলে তা মুক্তির পরিবর্তে ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমন দুনিয়ায় মিথ্যা, মূর্খতা, খুন, গুম, সন্ত্রাস, শোষণ, বৈষম্য, রুদ্ধতা, পাশবতা, হিংস্রতা, দারিদ্র্য, বাস্তুচ্যুতি, ধ্বংসযজ্ঞ ও স্বৈরদস্যুতন্ত্র থেকে জীবন ও মানবতার মুক্তির মহাবিপ্লব। মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি বাদ দিয়ে ঈদে আজম পালন করা প্রহসন এবং ঈদে আজমের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
সমাবেশ থেকে ঈদে আজমের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে সকল খুন, জুলুম, ধ্বংসযজ্ঞ, হিংস্রতা, পাশবতা ও স্বৈরদস্যুতা থেকে সমগ্র মানবমণ্ডলীর মুক্তির লক্ষ্যে সত্য ও মানবতার নতুন রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান আল্লামা ইমাম হায়াত।

