ঢাবি প্রতিনিধি
ঐতিহ্য, গৌরব ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসকে ধারণ করে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের বিভিন্ন গণআন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা এই বিদ্যাপীঠের দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার শুভেচ্ছা বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শিক্ষক, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু অ্যালামনাই দেশে-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা গবেষণা ও উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা করে থাকেন। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদেরও গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দিবসের কর্মসূচি অনুযায়ী, বুধবার সকাল পৌনে ১০টায় উপাচার্য ভবন-সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুর ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের পতাকা উত্তোলন, কেক কাটা, জাতীয় সংগীত, বিশ্ববিদ্যালয়ের থিম সং, রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ আয়োজনে বিদেশি শিক্ষার্থীরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।
সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী।
এ ছাড়া বিকেল ৩টায় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। আলোচনায় অংশ নেবেন অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
১৯২১ সালে তৎকালীন পূর্ববঙ্গে উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষেরও বেশি সময়ের যাত্রায় প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা, গবেষণা, সাহিত্য, সংস্কৃতি, প্রশাসন ও রাষ্ট্রীয় নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলনেও বিশ্ববিদ্যালয়টির অবদান ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।

