ঢাকা, ২২ জুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুন রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২২ জুন) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে ঢাকার সব প্রবেশপথে তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বিভিন্ন বিশেষায়িত বাহিনী মাঠে সক্রিয় থাকবে। পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি) সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা চালাবে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ডিএমপির চারটি প্রধান কন্ট্রোল রুমে অতিরিক্ত পুলিশ সদস্য রিজার্ভ রাখা হবে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ সময় ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম তদারকি করবেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

