বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে টানা ৭ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
আন্দোলনের অংশ হিসেবে আজ (শনিবার) দুপুরে কালো পতাকা মিছিলের আয়োজন করা হবে। শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, গত ১০ অক্টোবর রাত থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি এখন অনশনে রূপ নিয়েছে। “প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপিসহ অসংখ্য মানুষ সমর্থন জানিয়েছেন। আমরা প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করে শহীদ মিনার ত্যাগ করব না।”
তিনি আরও জানান, শিক্ষা উপদেষ্টার ‘অসৌজন্যমূলক আচরণ’ ও প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ প্রকাশ করে গতকাল থেকেই অনশন কর্মসূচি শুরু হয়েছে। আজ দুপুর ১২টায় কালো পতাকা মিছিলে রাষ্ট্রের অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।
দেলাওয়ার আজিজী বলেন, “যারা আমাদের ন্যায্য অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বর্জনের সময় এসেছে। বিদ্যালয়ের ঘণ্টা বাজবে না, কোথাও ক্লাস হবে না। শহীদ মিনারই হবে আমাদের ঠিকানা।”
এর আগে গত ১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে সারা দেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
এদিকে সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর ঘোষণা এলেও তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। তাদের দাবি— ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন। এসব দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

