Tuesday, November 3

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুজ্জামান (৩৩) ও মোস্তাকিম (৩২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রী উদা নামে আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপির কাছাকাছি এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। মোস্তাকিম উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে। আহত শ্রী উদা একই গ্রামের মুনষা নারায়ণের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) পীরগঞ্জ চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৬৩/চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল গুলি চালায়। এতে তিন বাংলাদেশি গুরুতর আহত হন।

পরে বিএসএফ সদস্যরা আহতদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান ও মোস্তাকিমের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে নিহত দুজনই স্থানীয় বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে তাঁদের মৃত্যুর খবর তাঁরা জানতে পেরেছেন। বিষয়টি বিজিবিকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া চলছে।

৪২ বিজিবির সিইও আবদুল্লাহ আল মঈন বলেন, বিভিন্ন সূত্রে তাঁরা ঘটনাটি জানতে পেরেছেন। তবে বিএসএফ এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। ঘটনার বিস্তারিত জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
+ 23 = 32