Tuesday, November 3

নিজস্ব প্রতিবেদক

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালির ভেনিসে হামলার ঘটনা নিয়ে সংসদে আলোচনা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে চেয়েছেন বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই সংসদ সদস্য। জবাবে সরকার জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিষয়টি প্রথমে তুলে ধরেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। ডেপুটি স্পিকার কায়সার কামালের অনুমতি নিয়ে তিনি ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনা তুলে ধরেন।

জহরত আদিব চৌধুরী দাবি করেন, জুলাই আন্দোলনে সক্রিয় থাকার কারণেই বাঁধনের ওপর হামলা হয়েছে। তার ভাষ্য, ‘ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত লোকজন’ এ হামলা চালিয়েছে। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে দাবি করে তিনি এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চান।

জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল ঘটনাটিকে নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেন। তবে ওই সময় অধিবেশন কক্ষে পররাষ্ট্রমন্ত্রী বা সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা উপস্থিত না থাকায় তারা এলে বিষয়টি নিয়ে উত্তর দেওয়ার কথা জানান তিনি।

পরে অনির্ধারিত আলোচনায় একই প্রসঙ্গ তোলেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা বাঁধনের ওপর হামলা করেছেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণেই বাঁধনকে হামলার শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

আখতার হোসেন বলেন, এ ধরনের হামলার সঙ্গে জড়িতরা যাতে আইনের আওতার বাইরে থাকতে না পারে, সে বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান তিনি। নিজের ওপর গত বছর যুক্তরাষ্ট্রে হামলার ঘটনাও এ সময় উল্লেখ করেন তিনি।

পরে ডেপুটি স্পিকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের কাছে এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে চান।

সংসদে জবাব দিতে গিয়ে হুমায়ুন কবির জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, জুলাই যোদ্ধার ওপর হামলা গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলার শামিল।

বাঁধনের ওপর হামলার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া টেররিস্টরা তার ওপর হামলা চালায়। আমি বিষয়টি নিয়ে সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। আমরা ইতালীয় পুলিশ অফিসকে অবগত করি। বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাঁধনের সঙ্গে টেলিফোনে কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

বাঁধন ইতোমধ্যে ইতালির পুলিশের কাছে অভিযোগ করেছেন বলেও জানান হুমায়ুন কবির। তিনি বলেন, রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলানে বাংলাদেশের কনস্যুলেট বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছে।

হামলাকারীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমরা এদেরকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ ব্যবস্থা নেব।”

সোমবার রাতে ইতালির ভেনিসের একটি পার্কে বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে বাঁধন অভিযোগ করেন, হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক। ঘটনার পর তিনি ইতালির পুলিশের সহযোগিতা পাওয়ার কথা জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতির কথাও বলেন।

Leave A Reply


Math Captcha
+ 12 = 21