কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও এক বন্দীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত বন্দীর নাম আলী আকবর মণ্ডল (৬৭)। তাঁর গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী এলাকায়। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে সোমবার সকালে আলী আকবরকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আলী আকবরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এর আগে রোববার সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে পৌনে দুই ঘণ্টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে আনা তিন বন্দীর মৃত্যু হয়। তাঁরা হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদাত হোসেন লিটন (৫২)।
এক দিনের ব্যবধানে কারাগার থেকে হাসপাতালে নেওয়া চার বন্দীর মৃত্যুর ঘটনা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

