Friday, September 18

ড. আসিফ নজরুলের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, আসিফ নজরুলের দুটি ছাগলই খাওয়া উচিত ছিল।

পাটওয়ারী বলেন, “আসিফ নজরুলের ছাগল একটা খাওয়া হয়েছে, দুইটাই খাওয়া উচিত ছিল। একটা না খাওয়াতে আমি তাদের ধিক্কার জানাচ্ছি।”

তিনি আরও বলেন, আসিফ নজরুল ভালো মানুষ নন। অন্তর্বর্তী সরকারের সময়ে তাঁর সরকারি বাসভবনে গরু-ছাগল-মুরগি পালা এবং সেগুলোর নিরাপত্তায় পুলিশ মোতায়েনের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

পাটওয়ারীর ভাষ্য, যারা ছাগলটি খেয়েছে, সুযোগ পেলে তাদের আরেকটি ছাগল খাওয়ার কথা বলেছেন তিনি। তাঁর দাবি, তাঁর বক্তব্যকে ‘ফ্রেমিং’ করা হলেও এ ঘটনায় তাঁর কোনো দোষ নেই।

এর আগে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে নিজের মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে কথা বলেন আসিফ নজরুল। ঘটনাটিকে তিনি তাঁর জীবনের অন্যতম ‘হৃদয়বিদারক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন।

আসিফ নজরুল জানান, হেয়ার রোডের সরকারি বাসায় একা থাকার কারণে সাড়ে ৯ বছরের মেয়ের সঙ্গী হিসেবে ছাগলটি কিনে দেওয়া হয়েছিল। ছাগলটির সঙ্গে তাঁর মেয়ের গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। প্রতিদিন স্কুল থেকে মেয়ের ফেরার অপেক্ষায় থাকত ছাগলটি এবং ফিরে এলে তার সঙ্গে খেলত।

তিনি আরও জানান, মেয়েটি ফোনের ওয়ালপেপারে মায়ের ছবির পরিবর্তে ছাগলটিকে জড়িয়ে ধরে থাকা ছবি ব্যবহার করত। ছাগলটি চুরি হওয়ার পর তাঁর মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কাঁদতে কাঁদতে বমি করে এবং প্রায় দেড় দিন কিছু না খেয়ে অসুস্থ হয়ে পড়ে বলে জানান তিনি।

আসিফ নজরুলের দাবি, ঘটনাটিকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে প্রচার করা হলেও ছাগলটি মূলত মজা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তবে একটি শিশুর পোষা প্রাণী চুরি করে খেয়ে ফেলার ঘটনাকে তিনি নির্মম ও অমানবিক বলে মন্তব্য করেন।

Leave A Reply


Math Captcha
1 + 4 =