নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন মান্নান (৫০), সুলতানা (৩৫), সিয়াম (১৯), মিম (১৩) এবং হযরত আলী (৮)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন জানান, একটি বাসায় গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে গ্যাস ঘরের ভেতরে জমে ছিল। সকালে চুলা জ্বালানোর সময় আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, সুলতানার শরীরের প্রায় ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ, মান্নানের ৩০ শতাংশ এবং হযরত আলীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসকদের মতে, দগ্ধদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হযরত আলীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

