রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে পাঠানো এক চিঠিতে লাইসেন্স বাতিলের বিষয়টি জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, লাইসেন্সবিহীন কোনো হাসপাতালে রোগীদের চিকিৎসা নেওয়া উচিত নয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিকটবর্তী উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। প্রয়োজন হলে রোগীদের সহায়তাও দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) মহাপরিচালকের পক্ষে চিঠিটি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৭ মে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
নোটিশে জানতে চাওয়া হয়, কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না। প্রথমে ৭ জুন পর্যন্ত জবাব দেওয়ার সময় নির্ধারণ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পর সময়সীমা ৯ জুন পর্যন্ত বাড়ানো হয়।
তবে ৯ জুন হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা ও জবাব জমা দেয়, তা সন্তোষজনক নয় বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, আইন অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।

