Saturday, November 7

রাজধানী ঢাকায় গতকাল (বুধবার) ৩১ মিলিমিটার বৃষ্টি হলেও আজ বৃহস্পতিবার সকাল থেকেই আবার ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আকাশে মেঘ থাকলেও পরে রোদ দেখা দেওয়ায় তাপমাত্রা দ্রুত বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক ঘণ্টা পর সকাল ৯টায় তা বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম জানান, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি বেশি হচ্ছে। তিনি বলেন, এ সময়ের বৃষ্টির বৈশিষ্ট্য হলো—বৃষ্টির পর শীতল আবহাওয়া দীর্ঘ সময় স্থায়ী হয় না। ফলে দিনের বেলায় তাপমাত্রা আরও বাড়তে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালী জেলায়, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে জেলার খেপুপাড়া এলাকায় সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু দেশে প্রবেশ করলেও তা এখনো পুরো দেশে বিস্তার লাভ করেনি। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এটি সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে মৌসুমি বায়ু ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হচ্ছে, যার কারণে স্বল্প সময়ের বৃষ্টি হচ্ছে এবং তাপমাত্রা দীর্ঘ সময়ের জন্য কমছে না।

আজ সকাল ৭টায় দেওয়া পূর্বাভাসে রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে আবহাওয়াবিদ নাজমুল ইসলাম জানিয়েছেন, দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। বর্তমানে উত্তরাঞ্চলে মেঘের অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি অনুকূলে থাকলে সন্ধ্যার দিকে ঢাকায় বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, এই মৌসুমে স্থানীয়ভাবে হঠাৎ মেঘ তৈরি হয়ে স্বল্প সময়ের বৃষ্টি হওয়ার প্রবণতাও রয়েছে। তাই আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে।

Leave A Reply


Math Captcha
38 − = 32