Saturday, November 7

বাংলাদেশে পুশইন এবং সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে আগামী ১২ জুন সীমান্তবর্তী সব জেলা ও গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে ১১–দলীয় ঐক্য। এছাড়া ১৫ জুন রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সীমান্ত বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে এবং সীমান্তে হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার সীমান্ত এলাকায় নানা ধরনের চাপ সৃষ্টি করছে এবং বিভিন্ন পয়েন্ট দিয়ে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।

হামিদুর রহমান আযাদ দাবি করেন, গত তিন মাসে ৫০টিরও বেশি সীমান্ত এলাকায় পুশইনের ঘটনা ঘটেছে এবং প্রায় ২ হাজার ৪৭৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। বাস্তব সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গত ১০০ দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১৯ জন বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। একই সময়ে বিএসএফ ও আরাকান আর্মির মাধ্যমে ৮৩ জনকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। একই সঙ্গে তিনি সরকারকে ‘নতজানু পররাষ্ট্রনীতি’ পরিহার করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, তোফাজ্জল হোসেন মিয়াজী, আহমদ আলী কাসেমী, আবদুল্লাহ আল মামুন, আবদুল মাজেদ আতহারী এবং ইকবাল হোসেনসহ বিভিন্ন দলের নেতারা।

Leave A Reply


Math Captcha
76 − 75 =