Saturday, November 7

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে যাত্রীবাহী একটি স্পিডবোটে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন, স্পিডবোটের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় ডাকাত দল।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর ঝাউকান্দা ইউনিয়ন-সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী লিটন মোল্লা চরভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীরচর এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে ঢাকার দোহার উপজেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ীদের দোহারের মৈনট ঘাটে পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোটে একমাত্র যাত্রী ছিলেন লিটন মোল্লা। পথে একটি ডাবল ইঞ্জিনচালিত স্পিডবোটে থাকা ডাকাত দল তাদের ধাওয়া করে। পরিস্থিতি বেগতিক দেখে চালক সঞ্জিত খালাসী কাশবনে পালিয়ে প্রাণে রক্ষা পান।

পরে ডাকাতরা লিটন মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই সঙ্গে স্পিডবোটের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে তার বাঁ হাতে কোপ দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্পিডবোটচালককে উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 3