পাবনা, ৯ জুন: পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা মামলার প্রধান আসামির বাড়িতে অগ্নিসংযোগের সময় দগ্ধ আরও দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম সাব্বির ও সাপু মারা যান। এর আগে সোমবার বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমন শেখ।
নিহতরা হলেন সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নতুনপাড়া এলাকার সাইফুল ইসলাম সাব্বির, সাপু এবং পূর্ব রাঘবপুর এলাকার সুমন শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব রাঘবপুর গ্রামের বাসিন্দা নাঈমের সঙ্গে স্কুলছাত্রী রিয়ার প্রেমের সম্পর্ক ছিল। গত ২ জুন পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে তার মরদেহ বস্তাবন্দি করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়। পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।
রিয়ার দাফনের পর বিক্ষুব্ধ জনতা প্রধান অভিযুক্ত নাঈমের বাড়িতে অগ্নিসংযোগ করে। সে সময় বাড়িতে পরিবারের কেউ না থাকলেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আশপাশের কয়েকজন ব্যক্তি দগ্ধ হন। তাদের মধ্যে তিনজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তারিকুল ইসলাম বলেন, “সাপু ও সাব্বির মঙ্গলবার সকালে এবং সুমন শেখ সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

