টাঙ্গাইল, ৯ জুন: টাঙ্গাইলের সখিপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৫টার দিকে সখিপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

