ঢাকা, ৮ জুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সোমবার (৮ জুন) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) আয়োজিত ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী সদস্যদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমি ব্যক্তিগতভাবে তাদের স্যালুট জানাই। বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও তাদের স্যালুট জানাই। পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় এ বিষয়টি নিয়ে সচেষ্ট রয়েছে।”
তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান বিশ্বব্যাপী প্রশংসিত। তাদের ত্যাগ, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা দেশের জন্য গৌরব বয়ে আনছে।
ভবিষ্যতেও শান্তিরক্ষীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, “আপনারা যেকোনো প্রয়োজনে আমাদের কাছে এলে আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং প্রয়োজনীয় সহযোগিতা করব।”
অনুষ্ঠানে বক্তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান, চ্যালেঞ্জ এবং তাদের পরিবারের প্রতি রাষ্ট্রীয় সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

