ময়মনসিংহ, ৭ জুন: হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) ভোরে চার মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়।

সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহত শিশুটি ছেলে। তার বাড়ি ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ৪৭ শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩১ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৬ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট ১ হাজার ৭৮৩ জন শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পর্যবেক্ষণে বিশেষ ব্যবস্থা অব্যাহত রয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 38 = 42