ঢাকা, ৭ জুন: রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিশুটির বাবা।
রোববার (৭ জুন) আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমি ১০০ শতাংশ খুশি। এই রায় বাস্তবায়ন হলে সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা পূরণ হবে।”
তিনি আরও বলেন, “আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। বিচারপতি, পুলিশ, প্রশাসন, সাংবাদিক এবং বাংলাদেশের জনগণ—যারা আমার ও আমার পরিবারের বিপদের সময়ে সহায়তা করেছেন এবং মানসিকভাবে পাশে ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
শিশুটির বাবা দ্রুততম সময়ে রায় কার্যকরের প্রত্যাশা জানিয়ে বলেন, “যত দ্রুত সম্ভব আমার মেয়ের হত্যার বিচার হিসেবে ফাঁসির রায় কার্যকর দেখতে চাই।”
উল্লেখ্য, রোববার রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে আদালত সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করেন।
মামলাটি নিয়ে দীর্ঘদিন ধরে দেশজুড়ে ব্যাপক আলোচনা ছিল এবং রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

