গাইবান্ধা, ৬ জুন: গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার গাছাবাড়ী ইউনিয়নের মণ্ডলপাড়া (চরপাড়া) এলাকার বুরুঙ্গী বিলে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন— লাবু মিয়া (২৫), নিরব মিয়া (২০) এবং বিপ্লব ওরফে ডিপজল (২৫)। তাদের মধ্যে লাবু ও নিরবের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানিবাজার এলাকায়।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে ওই নারী মোবাইল ফোনে কথা বলছিলেন। নেটওয়ার্ক সমস্যার কারণে তিনি ঘর থেকে বের হয়ে উঠানে এসে কথা বলতে থাকেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক তার মুখ চেপে ধরে বুরুঙ্গী বিলের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর দাবি, ঘটনার সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা খবর পেয়ে অভিযুক্তদের ঘটনাস্থল থেকে আটক করে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে শনিবার সকালে সাঘাটা থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

