নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত আটটি পৃথক পুশ-ইনের অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কয়েকটি সীমান্তে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয় এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

শনিবার (৬ জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের আওতাধীন যাদবপুর সীমান্ত দিয়ে তিন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা শূন্যরেখায় অবস্থান নিয়ে তাদের বাধা দেন। পরে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।

নওগাঁর করমুডাঙ্গা সীমান্ত এলাকায় ১৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করে।

এ ছাড়া লালমনিরহাটের বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত এলাকায় ২১ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়। বিজিবির সক্রিয় অবস্থানের কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।

দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। বর্তমানে এসব ব্যক্তি ভারতীয় সীমান্তের কাঁটাতারবিহীন চরাঞ্চলে অবস্থান করছে বলে জানানো হয়েছে।

পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্ত এলাকায় ১০ জনকে কাঁটাতারের বাইরে এনে অবস্থান করানো হলে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে নেত্রকোনার কচুগড়া সীমান্তসংলগ্ন এলাকায় ভারতের আসাম রাজ্যের অভ্যন্তরে ১৬ থেকে ১৭ জনকে জড়ো করে রাখা হয়েছিল। বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সেখান থেকে সরিয়ে অন্য এলাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

Leave A Reply


Math Captcha
4 + 6 =