শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের নাম থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের বোন মাসুমা হাদি। সামাজিক যোগাযোগমাধ্যমে মামলার বাদীকে কেন্দ্র করে ‘মিথ্যাচার’ ও ‘নোংরামি’ চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে মাসুমা হাদি এ বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, পরিবারের বিরুদ্ধে এর আগেও নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ভাইয়ের কথা ভেবে তিনি এতদিন মুখ খোলেননি। তবে গত কয়েকদিন ধরে মামলার বাদী হওয়া নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন হয়ে পড়েছে।

পোস্টে তিনি শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরের পরিস্থিতির বর্ণনা দেন। তিনি জানান, ভাই গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত ঢাকায় এসে হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসাকালীন পুরো সময় তার পাশে ছিলেন।

মাসুমা হাদি প্রশ্ন তুলে বলেন, তিনি হাসপাতালে উপস্থিত থাকা অবস্থায় প্রশাসন কেন আব্দুল্লাহ আল জাবেরের কাছ থেকে মামলার কাগজে স্বাক্ষর নিল এবং পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কেন আলোচনা করা হয়নি। তার দাবি, পরে তাকে জানানো হয় যে পরিবারের সদস্যরা তখন চিকিৎসা নিয়েই ব্যস্ত ছিলেন।

তিনি আরও বলেন, ওই সময় শরীফ ওসমান হাদির ভাই ওমর ফারুকও চরম মানসিক আঘাতের মধ্যে ছিলেন। একই রিকশায় থাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন তিনি।

মামলার বাদী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছতা দাবি করে মাসুমা হাদি বলেন, পরিবারের সদস্যদের পাশ কাটিয়ে কীভাবে এবং কার অনুমতিতে আব্দুল্লাহ আল জাবের বাদী হলেন, সেটি পরিষ্কার হওয়া উচিত।

চিকিৎসা প্রসঙ্গে তিনি দাবি করেন, আহত ওসমান হাদিকে বিদেশে নেওয়ার উদ্যোগ প্রথমে ব্যক্তিগতভাবে তার ভাই ওমর ফারুক নিয়েছিলেন। পরবর্তীতে সরকার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

ফেসবুক পোস্টের শেষাংশে মাসুমা হাদি বলেন, ভাইকে হারানোর বেদনা নিয়েই তিনি বেঁচে আছেন। তবে না জেনে ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তার পরিবারকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে মাসুমা হাদি এ বক্তব্য দেন।

Leave A Reply


Math Captcha
− 3 = 5