রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ৭ নম্বর ঘাট থেকে পন্টুন এলাকায় প্রবেশের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি নদীতে পড়ার আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা নেই।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানান, বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধারের কাজ চলছে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ একই ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
সাম্প্রতিক এই ঘটনায় প্রাণহানি না ঘটলেও একই ঘাটে বারবার এমন দুর্ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

