Thursday, July 16

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে বহিরাগত প্রবেশ, ভোটদানে বাধা, লাইনজ্যামিংসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর ও জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা।

ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন,
“আমরা আশা করেছিলাম, ৩৫ বছর পর রাকসু নির্বাচন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সকালে মনে হয়েছিল নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু পরে সেই পরিবেশ নষ্ট হয়। শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ কাজলা গেটসহ বিভিন্ন গেট দিয়ে শত শত বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করিয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, ক্যাম্পাসের আশপাশের এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন অভিযোগ করেন, জিয়া হলের ভোটকেন্দ্রে ১০০ ব্যালট পেপারে আগে থেকে স্বাক্ষর করা ছিল। এ কারণে এক ঘণ্টা ভোট বন্ধ থাকে। ওই সময়ে ভোট জালিয়াতির আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, দুপুরের পর কয়েকটি কেন্দ্রে লাইনজ্যামিং করে ভোটারদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না।

সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবীর জানান, শিক্ষার্থীদের শেষ রায় পর্যন্ত তারা মাঠে থাকবেন।

Leave A Reply


Math Captcha
83 + = 87