কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় এক ভিক্ষুককে কুপিয়ে আহত করে তার কাছ থেকে ১৬০ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত এক কিশোর গ্যাং নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৩১ মে সন্ধ্যায় অশোকতলা এলাকায় ওত পেতে থাকা একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা এক ভিক্ষুকের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং সারাদিনের ভিক্ষায় পাওয়া ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করে। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অভিযুক্তদের শনাক্ত করার নির্দেশ দেন।

এরপর অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাংয়ের কথিত নেতা ‘টোকাই সামির’কে শনাক্ত করা হয়। বুধবার (৩ জুন) তাকে আটক করা হলে বিষয়টি প্রশাসককে জানানো হয়। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন।

একই দিন বিকেলে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন। পরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিজেদের হেফাজতে নেয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীতে সন্ত্রাস, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave A Reply


Math Captcha
42 + = 48