Saturday, November 7

বগুড়ার কাহালু উপজেলায় দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

নিহতরা হলেন নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ এলাকার রাহিম বিজয় (২৩), চকদেব নুনিয়াপট্টি এলাকার অপূর্ব (১৮) এবং প্রেম বাঁশফোড় (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের আনন্দে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নওগাঁ থেকে বগুড়ার একটি বিনোদন পার্কে যাচ্ছিলেন। পথে বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিন বন্ধুর মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন মাহাতো বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave A Reply


Math Captcha
14 − = 11