Saturday, November 7

পবিত্র ঈদুল আজহার আনন্দের মধ্যেই দেশের দুই জেলায় পৃথক ঘটনায় কোরবানির মাংস গলায় আটকে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাগুলো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

জামালপুরে কিশোরের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় কোরবানির মাংস খাওয়ার সময় গলায় আটকে ইয়াসিন হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্র জানায়, ঈদের খাবার খাওয়ার সময় হঠাৎ তার গলায় মাংস আটকে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

একই ধরনের আরেক ঘটনায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় আঁখি (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় তার গলায় কোরবানির মাংস আটকে যায়।

নিহত আঁখি স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর মেয়ে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানান, খাবার খাওয়ার সময় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে পথেই তার মৃত্যু হয়।

দুই পরিবারের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

Leave A Reply


Math Captcha
69 − 63 =