ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীসহ বিভিন্ন গন্তব্যে ফেরা মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পরিবহনসংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সংগঠনটি জানিয়েছে, কোনো অবস্থাতেই যাত্রীদের কাছ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। একই সঙ্গে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৭ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম চালক, সহকারী, পরিবহন মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।তিনি বলেন, যাত্রাপথে বয়স্ক, নারী ও শিশু যাত্রীদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। পাশাপাশি সড়কে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলেও উল্লেখ করা হয়।

