চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ। এ বছর ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। পরে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত ব্রিফিংয়ে ফলাফল তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক।
তিনি জানান, ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশে, অর্থাৎ পাসের হার কমেছে ১৮.৯৫ শতাংশ।
বোর্ডভিত্তিক পাসের হার
- ঢাকা বোর্ড: ৬৪.৬২%
- বরিশাল বোর্ড: ৬২.৫৭%
- রাজশাহী বোর্ড: ৫৯.৪০%
- দিনাজপুর বোর্ড: ৫৭.৪৯%
- চট্টগ্রাম বোর্ড: ৫২.৫৭%
- সিলেট বোর্ড: ৫১.৮৬%
- ময়মনসিংহ বোর্ড: ৫১.৫৪%
- যশোর বোর্ড: ৫০.২০%
- কুমিল্লা বোর্ড: ৪৮.৮৬%
- মাদরাসা বোর্ড: ৭৫.৬১%
- কারিগরি বোর্ড: ৬২.৬৭%
শতভাগ পাস প্রতিষ্ঠান
এবার ৩৪৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর (২০২৪ সালে) এই সংখ্যা ছিল ১ হাজার ৩৮৮টি। অর্থাৎ এ বছর শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১ হাজার ৪৩টি। অন্যদিকে ২০২টি প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি।
ফল জানবেন যেভাবে
- ওয়েবসাইট থেকে: www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল জানা যাবে।
- প্রতিষ্ঠান থেকে: নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
- এসএমএসের মাধ্যমে: মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে –
HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর
এরপর পাঠাতে হবে 16222 নম্বরে।
(উদাহরণ: HSC DHA 123456 2025)
👉 ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

