সোনারগাঁ উপজেলার ২৩ গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাংলা বাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া ও কোনাবাড়াসহ ২৩ গ্রামের মুসল্লিরা প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন।
প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদ-এ সকাল ৮টায়। এছাড়া সকাল সাড়ে ৮টায় নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া ও কোনাবাড়া এলাকায় পৃথক জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মসজিদ কমিটির সভাপতি খন্দকার রিয়াজউদ্দীন মাস্টার বলেন, তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে আসছেন। মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে নয়াপুর গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা কামরুজ্জামান জানান, প্রায় ২০টি পরিবার এ ধারাবাহিকতায় প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।

