নারায়ণগঞ্জ-এর পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ পবিত্র ঈদুল আজহাকে ঘিরে আলোচনায় আসা এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানানো হয়েছে।
বিকেলে রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির মহিষটি নিতে এলে খামারজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। গোসল করিয়ে বিশেষভাবে সাজানোর পর মহিষটিকে রাজকীয় পোশাক পরিয়ে রঙিন স্মোকের মধ্যে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়।
খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এলভিনো জাতের এই মহিষটির চুল ও চোখের গঠনের সঙ্গে Donald Trump-এর মিল থাকায় তার ছোট ভাই মজা করে নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মহিষটি।
তিনি বলেন, এখন অনেকেই খামারের নাম না জানলেও “ডোনাল্ড ট্রাম্পের খামার” বললেই চিনে ফেলেন।
খামারের কর্মচারীরা জানান, প্রতিদিন অসংখ্য মানুষ শুধু মহিষটিকে একনজর দেখতে আসতেন। কেউ সেলফি তুলতেন, আবার শিশুরা কাছে গিয়ে আদর করলেও শান্ত স্বভাবের কারণে মহিষটি কখনো উত্তেজিত হয়নি।
প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি ৫৫০ টাকা কেজি দরে আগেই কিনে নেন ক্রেতা সামির। পরে এটি ভাইরাল হয়ে গেলে বরিশাল, কুমিল্লা-সহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ মহিষটি দেখতে আসেন।
ক্রেতা সামির বলেন, মহিষটি ভাইরাল হওয়ার পর তাদের এলাকাতেও এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
খামারের বাইরে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের একজন মজা করে বলেন, “আমেরিকার ট্রাম্পকে না দেখলেও নারায়ণগঞ্জের ট্রাম্পকে তো দেখা হলো!”

