রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ও সিনেট নির্বাচনে ভোটের কালি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, ভোট প্রদানের পর শিক্ষার্থীদের আঙুলে লাগানো কালি সহজেই মুছে যাচ্ছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন শিক্ষার্থী ভোটকেন্দ্র থেকে বের হয়ে দাবি করেন, তাদের আঙুলের কালি অমোচনীয় নয়। ছাত্রদল সমর্থিত প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী অভিযোগ করে বলেন, “আমি হাবিবুর রহমান হলের ভোটকেন্দ্রে ভোট দিয়েছি। কিন্তু আঙুলের কালি সহজেই মুছে গেছে, পানিও দিতে হয়নি।”
জিয়াউর রহমান হলের ভোটার আকিব বলেন, “ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও সুন্দর, তবে কালি নিয়ে উদ্বেগ আছে। কালি অমোচনীয় হওয়া উচিত ছিল, কিন্তু সেটি সহজেই মুছে যাচ্ছে। এতে ভোট প্রক্রিয়া নিয়ে সন্দেহ তৈরি হতে পারে।”
রহমতুন্নেসা হলের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আশফিয়া তাবাসসুমও একই অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, “ভোট সুন্দরভাবে হলেও কালি সহজে মুছে যাওয়া উচিত নয়।”

