Saturday, November 7

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান বলে দাবি করেছেন আওয়ামী লীগের একাধিক নেতা। সম্প্রতি অনলাইন বৈঠক ও সরাসরি সাক্ষাতে শেখ হাসিনার এমন মনোভাবের কথা জানতে পেরেছেন বলে জানিয়েছেন তারা।

এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব বাংলাদেশ।

দলীয় সূত্রগুলো বলছে, নেতাকর্মীদেরও শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনা দ্রুত দেশে ফিরতে চান এবং সে অনুযায়ী দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “শেখ হাসিনা যেভাবে ভারতে গিয়েছেন, সেভাবেই বীরদর্পে দেশে ফিরবেন।”

তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বিষয়টিকে রাজনৈতিক কৌশল বা কর্মীদের চাঙা রাখার প্রচেষ্টা হিসেবে দেখছেন। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবসম্মত কোনো ইঙ্গিত তিনি দেখছেন না।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে ভারতে আশ্রয় নেন তিনি। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হতে চান। এমনকি তিনি আগামী ১৫ আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে ট্রাভেল পাসের আবেদন করতে পারেন বলেও জানান তিনি।

দলীয় নেতাদের সঙ্গে এক টেলিগ্রাম গ্রুপ কলে শেখ হাসিনা নাকি বলেছেন, “দেশে এসে গণতন্ত্রের জন্য ফাঁসির মঞ্চেও যেতে হলে আমার কষ্ট থাকবে না।”

বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দেশে ফিরলে তাকে প্রথমেই আইসিটি মামলায় আত্মসমর্পণ করতে হবে এবং গুম, খুন, মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির মামলাগুলোর মুখোমুখি হতে হবে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকার আইনগত প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়েছে এবং তাকে মামলার মুখোমুখি করতে চায়।

Leave A Reply


Math Captcha
4 + 1 =