Sunday, November 8

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার দাবি জানিয়েছে। বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম-এর দক্ষিণ গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

‘শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে’ আয়োজিত ওই সমাবেশে তিনি বলেন,
“দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নেই। শিশু রামিসার হত্যাকাণ্ড জাতির জন্য লজ্জার। দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে হত্যাকারীর ফাঁসি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

রামিসা হত্যাকাণ্ডকে “মানবতার নিকৃষ্ট উদাহরণ” উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

সমাবেশে সভাপতিত্ব করেন নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসেন, হেলাল উদ্দিন এবং মাহফুজুর রহমান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে শুরু হয়ে গুলিস্তান ও পল্টন হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

Leave A Reply


Math Captcha
− 2 = 6