চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের সব প্রবেশপথে বিশেষ চেকপোস্ট বসিয়েছে প্রশাসন। বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র ও নির্বাচন কমিশনারের ইস্যুকৃত কার্ড ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
গেটে দায়িত্বে থাকা নিরাপত্তা সদস্যরা জানান, সকাল থেকেই বহিরাগতরা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছে। তবে তাদের আটকানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ও নির্বাচন নিরাপত্তা কমিটির সদস্য মোহাম্মদ তারেক চৌধুরী বলেন, “কাটাপাহাড় প্রধান প্রবেশমুখে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দুই শতাধিক ভুয়া পরিচয়পত্রধারীকে আটক করা হয়েছে। তারা শিক্ষার্থী পরিচয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল।”
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মীদের পাশাপাশি পুলিশ প্রবেশপথে দায়িত্ব পালন করছে। এছাড়া ক্যাম্পাসে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যরাও মোতায়েন রয়েছেন।
দীর্ঘ ৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোট অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

