রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় আগুনে পুড়ে যাওয়া কেমিক্যাল গোডাউন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। এর প্রভাবে পাশের রাইজিং ফ্যাশন গার্মেন্টসের অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া গোডাউন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিভে গেছে।
শ্রমিকদের অসুস্থতা
গার্মেন্টসের কর্মীরা জানায়, দুর্ঘটনার সময় বিষাক্ত কেমিক্যাল গ্যাসে পুরো ভবন ভরে যায়। সকালে কর্মক্ষেত্রে প্রবেশের পর একে একে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নেওয়া হয়।
রাইজিং ফ্যাশনের শ্রমিক মো. আল আমিন বলেন, “কেমিক্যাল গোডাউনের বিষাক্ত গ্যাসে গার্মেন্টস ভরে ছিল। সকালে কাজে এসে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।”
হতাহতের তথ্য
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এছাড়া বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের লড়াই
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টির বেশি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ভবনের ভেতরে বিপুল পরিমাণ রাসায়নিক থাকায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে ব্যাপক বেগ পেতে হয়।
ওএফএ/এসএসএইচ

