Sunday, November 8

‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে আলোচিত সংলাপগুলোর একটি। ফেসবুক, টিকটক ও ইউটিউবজুড়ে ভাইরাল এই ডায়ালগ শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অনেকেই ভেবেছেন, এটি কোনো বাস্তব কবিরাজের কথা। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া এই ‘কবিরাজ’ আসলে একজন পেশাদার অভিনেতা।

কবিরাজের ছদ্মবেশে অভিনয় করা ব্যক্তির নাম ঈমান আলী। প্রায় ২০-২৫ বছর আগে লালমনিরহাট থেকে পরিবারসহ গাজীপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ঈমান আলীর। সময়ের সঙ্গে সেই আগ্রহই পেশায় রূপ নেয়। বর্তমানে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে কাজ করে সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করছেন তিনি।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টে কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বিশেষ বাচনভঙ্গি, চোখের ইশারা এবং “রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক” সংলাপটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। লাখ লাখ ভিউ ও শেয়ারের মাধ্যমে ডায়ালগটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ডে পরিণত হয়েছে।

শুধু সাধারণ দর্শকই নন, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তারকারাও এই সংলাপ ব্যবহার করে ভিডিও তৈরি করছেন।

ঈমান আলী বলেন, “আমার ইচ্ছে ছিল অভিনয়ের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত হওয়া। আমি পেশাদার কোনো কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমেই চরিত্রটি ফুটিয়ে তুলেছি। অনেকেই হয়তো সত্যি সত্যি আমাকে কবিরাজ ভাবছেন, কিন্তু এটি শুধুই বিনোদনের জন্য করা অভিনয়।”

তিনি আরও বলেন, “যত দিন বেঁচে থাকব, মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করে যাব।”

স্থানীয়দের ভাষ্য, ঈমান আলী দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এই একটি ডায়ালগই তাকে দেশজুড়ে পরিচিতি এনে দিয়েছে।

Leave A Reply


Math Captcha
86 − 82 =