Sunday, November 8

উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশন-এর নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাতে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় সুমন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর নিচতলায় ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শফিকুল ইসলাম মিলন। সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা মো. ইমদাদুল হক খোকন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারৈচা বাজারের বিশিষ্ট কীটনাশক ব্যবসায়ী মো. তায়েব উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন সমাধান বাংলাদেশ-এর পরিচালক আব্দুস সাদেক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক মো. ইমরুল হাসান-সহ অ্যাসোসিয়েশনের সদস্যরা।

এ ছাড়া বিভিন্ন বহুজাতিক ও দেশীয় বালাইনাশক কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক ও প্রতিনিধিরাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নরসিংদী জেলার কৃষি ও কৃষকের উন্নয়নে পেস্টিসাইড অফিসাররা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন কার্যালয় স্থাপনের ফলে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে কৃষকদের মাঝে ভেজালমুক্ত ও মানসম্মত বালাইনাশক সঠিক নিয়মে ব্যবহারে সচেতনতা তৈরিতেও সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।

কার্যালয় উদ্বোধনের পর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও কৃষিখাতের সমৃদ্ধি কামনার পাশাপাশি সংগঠনের সদস্যদের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave A Reply


Math Captcha
− 3 = 1