চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আজ বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৩৬ বছর পর শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
নির্বাচন ও ভোটগ্রহণ
শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ১৪টি—মোট ৪০টি ভোট দেবেন। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান, বিজ্ঞান ও কলা-মানববিদ্যা অনুষদের ভবনসহ পাঁচটি স্থানে মোট ১৫টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনে বিশেষ ভোটকেন্দ্র রাখা হয়েছে।
মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন—এর মধ্যে পুরুষ ১৬ হাজার ১৮৯ জন এবং নারী ১১ হাজার ৩২৯ জন। প্রকৌশল অনুষদে ৪,০৩৬, কলা অনুষদে ৫,২৬৩, বিজ্ঞান অনুষদে ৪,৫৩৮, সমাজবিজ্ঞান অনুষদে ৬,৬০৬ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে ৭,০৭৩ জন ভোট দেবেন।
প্রার্থী ও প্রতিদ্বন্দ্বিতা
এবার চাকসু নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন। ভিপি পদে ২৪, জিএস পদে ২২, এজিএস পদে ২১সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন সর্বাধিক ৮৫ জন।
অন্যদিকে ১৪টি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭৩ জন প্রার্থী—এর মধ্যে ছাত্রদের ১০টি হলে ৩৫০ জন এবং ছাত্রীদের ৫টি হলে ১২৩ জন প্রার্থী রয়েছেন।
নিরাপত্তা ও প্রস্তুতি
শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাঁচটি অনুষদে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের বাইরে মোবাইল কোর্ট পরিচালনা করছেন আরও চারজন ম্যাজিস্ট্রেট। পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী, রোভার স্কাউট ও বিএনসিসি মিলিয়ে প্রায় ১,৭০০ জন সদস্য মোতায়েন আছেন।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, বহিরাগতদের প্রবেশে কড়া নজরদারি থাকবে। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে কমিশন।
উৎসবমুখর পরিবেশ
ভোট উপলক্ষে স্থগিত রাখা হয়েছে ক্লাস ও পরীক্ষা। ক্যাম্পাসজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। শাটল ট্রেনে বাড়ানো হয়েছে ২টি ট্রিপ এবং দেয়া হয়েছে ১৫টি বাস, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারেন। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ১৪টি এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে ভোটগ্রহণ ও গণনার।
পটভূমি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠিত হয় ১৯৬৬ সালে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে। রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘ ৩৬ বছর পর আবারো অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত চাকসু নির্বাচন।

