জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর সাবেক ভিসি হাসিবুর রশিদ উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছে প্রসিকিউশন।
রোববার (১৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
তিনি বলেন, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল-২। ওই মামলায় ১০ বছরের সাজা দেওয়া হয় হাসিবুর রশিদকে। তবে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রসিকিউটর জানান, সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
আপিলের সুযোগ আছে কি না— এমন প্রশ্নের জবাবে ফারুক আহাম্মদ বলেন, মামলার পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশ হয়নি। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন হাসিবুর রশিদ। তবে উচ্চ আদালতেও তার সাজা বহাল থাকবে বলে আশা করছে প্রসিকিউশন।

