Sunday, November 8

মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৭ মে) রিটের শুনানি শেষে বাংলাদেশ হাইকোর্ট–এর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন নির্ধারণ করেছেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডে দেশের বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়েছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের পরিস্থিতি তদন্তে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো নির্বাচিত সরকারকে উৎখাত করার মতো পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়টিও রিটে গুরুত্ব পেয়েছে।

রিটকারী আইনজীবী মহসিন রশিদ বলেন, “যা কিছু ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে, তা সরকার নির্ধারণ করবে।”

রাষ্ট্রপক্ষ আদালতে বিষয়টি সম্পর্কে সরকারের নির্দেশনা নেওয়ার কথা জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave A Reply


Math Captcha
47 − = 41