রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বেড়িবাঁধ তিন রাস্তার দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ প্রধান সড়কটি দখল হয়ে যাচ্ছে হকারদের দখলে। প্রায় ১০০ ফুট প্রশস্ত এই সড়কের চার লেনের মধ্যে তিনটিই এখন অস্থায়ী দোকান ও ভ্যানের নিয়ন্ত্রণে। ফলে বাকি এক লেন দিয়েই চলছে বাস, রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন। এতে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগ।

সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টার পর থেকেই হকাররা সড়কের বিভিন্ন অংশ দখল করতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দোকানের সংখ্যাও বাড়তে থাকে। দুপুরের মধ্যে দুই সারি এবং বিকেলের দিকে কোথাও কোথাও তিন সারি পর্যন্ত দোকান বসে যায়। মাছ, সবজি, পোশাকসহ নানা ধরনের পণ্যের দোকান ফুটপাত ছাড়িয়ে মূল সড়কেও ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি কেরানীগঞ্জ, নবাবগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের রাজধানীতে প্রবেশের অন্যতম প্রধান পথ। কিন্তু দীর্ঘদিন ধরে হকারদের দখলে থাকায় এটি কার্যত অচল হয়ে পড়েছে।

রাসেল নামে এক মাছ বিক্রেতা জানান, তারা প্রতিদিন ভ্যান বসিয়ে ব্যবসা করেন এবং এজন্য নিয়মিত চাঁদা দিতে হয়। আরও কয়েকজন বিক্রেতাও একই ধরনের তথ্য দিলেও কারা চাঁদা নেয় সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি।

স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও তা স্থায়ী কোনো সমাধান আনতে পারছে না। দিনের বেলায় অভিযান শেষে রাতেই আবার আগের মতো সড়ক দখল হয়ে যায়।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, হকার উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে স্থানীয় পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, কিছু চাঁদাবাজ চক্রের কারণে হকাররা বারবার ফিরে আসছে, ফলে সমস্যাটি দীর্ঘস্থায়ী হয়ে উঠছে।

Leave A Reply


Math Captcha
40 − = 32