অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার–এর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। লিভারের জটিলতায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানিয়েছেন তার বাবা কায়সার হামিদ।
শনিবার দুপুরে সামাজিক মাধ্যমে বিষয়টি প্রথম জানান ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে কথা বলে কারিনার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান কায়সার হামিদ।
তিনি বলেন, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। তবে নিয়মিত চিকিৎসা ও ওষুধ না নেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। এর মধ্যে তিনি হেপাটাইটিস এ–তেও আক্রান্ত হন। পরে সংক্রমণ বাড়তে থাকলে তার লিভার ফেইলিউর দেখা দেয়।
কায়সার হামিদের ভাষ্য, প্রথমে কারিনাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
তিনি সবার কাছে মেয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।

